বিনোদন ঃ
বিরল অসুখে আক্রান্ত হওয়ায় নিজ দেশ ছেড়েছেন ইরফান খান। গেছেন লন্ডনে। চিকিৎসা চলছে। কবে ফিরবেন দেশে? সম্প্রতি এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ইরফান বলেন, ‘জানা নেই।’
সম্প্রতি ইরফান খান, দুলকর সালমান ও মিথিলা পালকার অভিনীত কারবাঁর ট্রেলার সামনে এসেছে। ছবির প্রচারে ইরফান দেশে ফিরতে পারেন বলে শোনা যায়। সেই গুঞ্জনের কারণে ইরফানের সঙ্গে যোগযোগ করে এক ভারতীয় সংবাদমাধ্যম। তাঁর কাছে জানতে চায়, কবে দেশে ফিরছেন তিনি?
ইরফান তাঁদের জানিয়েছেন, আমার কোনও ধারণা নেই কবে ফিরব। আর এটা জানতে আমার তাড়াও নেই। ইরফানের ফেরার প্রসঙ্গে কারবাঁর পরিচালক আকর্ষ খুড়ানা বলেন, ইরফানকে ছাড়া ছবির প্রচার করা সত্যি খুব চ্যালেঞ্জিং। কিন্তু, আমরা চেষ্টা করছি নিজেদের সেরাটা দেওয়ার।
কারবাঁর গল্পকে অনেকেই ডার্ক কমেডি বলছে। কারণ, একদিকে বাবার মৃত্যুশোক। অন্যদিকে তার দেহ হারিয়ে যাওয়া। আবার এই ঘটনাচক্রে তিনজনের একসঙ্গে একটা রোডট্রিপ। সঙ্গে কমেডি। আছে ক্রাইসিসও।
মার্চে ইরফান প্রথম টুইট করে জানিয়েছিলেন যে তিনি নিউরো এন্ডোক্রাইন টিউমারের মতো বিরল রোগে আক্রান্ত। পাশাপাশি ভুল চিকিৎসা হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি।