কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় ১৫/১১/২০১৭ রোজ বুধবার সকাল পৌনে ছয়টায় সমুদ্র সৈকত নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে ঘটনাস্থলেই যাত্রী বৃদ্ধা সরভানু (৮০) মারা গেছেন। গুরুতর জখম হয়েছে আরও ১৩ যাত্রী। বাসটি ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। আহত যাত্রীরা জানায়, বাসের চালক আমতলী এসে নেমে যায়। এরপরে হেলপার গাড়িটির চালকের দ্বায়িত্বে ছিল। হেলপারের বেপরোয়া গাড়ী চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে বলে যাত্রীদের অভিযোগ। আহতদের মধ্যে গুরুতর জখম জাকির হোসেন ও তানিয়াকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদেরকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
###