মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে জেলা প্রশাসকের মোবাইল ফোনে কল করে প্রধানমন্ত্রীকে
গালিগালাজ করার অপরাধে শিলা খাতুন (২৪) নামে এক তরুণীকে আটক
করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে শহরের স্টেশন বাজার
এলাকা থেকে তাকে আটক করা হয়। শিলা খাতুন সিংড়ার কলম পালপাড়া
গ্রামের রহিম মিয়ার মেয়ে।
এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, ২৯ সেপ্টেম্বর রাত
১০:৩৯ মিনিটে ০১৭৮৪৫৬৫৮৮৪ এই মোবাইল নম্বর ব্যবহার করে নাটোর
হরিশপুর শিবমন্দির থেকে আমাকে ফোন করে জিঙ্গাসা করে, আপনি কি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আমি বললাম না আমি জেলা প্রশাসক শাহিনা
খাতুন সে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে
গালি দেয়। তাকে পুলিশের সহায়তায় গতকাল দুপুরে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদান করা হচ্ছে।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গত
২৯ সেপ্টেম্বর নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের মোবাইল ফোনে
কল করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে শিলা খাতুন। প্রথমে বিষয়টি
নজরে না আনলেও পরে সেই মোবাইল ফোন থেকে আবার জেলা প্রশাসককে
ফোন করে পুনরায় প্রধানমন্ত্রীকে গালিগালজ করা হয়। পরে জেলা প্রশাসক
বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের
মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে। সেই সূত্র ধরেই আজ বেলা ১২টার দিকে শহরের
স্টেশন বাজার এলাকায় তার ভাড়া বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ
সময় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।