ঢাকার আশুলিয়ায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলার আসামি এবং সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভের ওপর হামলা ও ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় এনামুল হক ওরফে ‘ভাঙারি এনামুল’কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এর আগে, গত (২৭ সেপ্টেম্বর) জামগড়া ছয়তলা এলাকায় সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভের ওপর হামলা ও মারধর ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় এনামুল হক, মো. শেখ ওয়াসিম ইকবালসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ১৩/২০২৬।
পুলিশ জানায়, সাংবাদিকতার পাশাপাশি সোহরাব হোসেন ওরফে সৌরভ একটি ব্যবসা পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি ব্যবসার বিষয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তিরা তার ওপর হামলা চালান।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশ ও সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি এবং ফেসবুকে ভুয়া আইডি বা নিজস্ব আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।