ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সরকারি দাপ্তরিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেছেন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা।
ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টদের অভিযোগ, একটি মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও সচিবকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
তাদের দাবি, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রমাণসহ লিখিত অভিযোগ করা যেতে পারে। কিন্তু তথ্য-প্রমাণ ছাড়া অপপ্রচার চালিয়ে সরকারি দাপ্তরিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।
ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা আরও জানান, পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। অপপ্রচারের মাধ্যমে যাতে সরকারি সেবা কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা মহলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা সচিব আফজাল হোসেন ও সাদ্দামসহ সংশ্লিষ্টরা জানান, কিছু দালাল ও সুবিধাবাদী লোকজন কতিপয় ব্যক্তি বিভিন্ন ভাবে আমাদের কাজে বাঁধা সৃষ্টি করছে, আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো।