সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ার চলনবিলে অবৈধ সুতিজাল এবং বাঁশের বেড়া উচ্ছেদে
ঝটিকা অভিযান চালিয়েছেন স্থানীয় প্রশাসন। বুধবার দুপুরে এই অভিযানে
লক্ষাধিক টাকা মূল্যের ২টি সুতিজাল ও ২টি বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে।
পরে বিকেলে কোর্ট মাঠে জালগুলো পুড়িয়ে দেয়া হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের
ভিত্তিতে চলনবিলের ডাহিয়া এলাকার তিসিখালী মাজার খাল ও হিজলী খালে
অভিযান পরিচালনা করে ২টি বাঁশের স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও ২টি
সুতিজাল ও ৫টি কারেন্ট জাল আটক করে পুড়িয়ে দেয়া হয়। অভিযানে উপজেলা
সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী, সহকারী মৎস্য কর্মকর্তা জহুরুল ইসলামসহ
২০জন শ্রমিক অংশ নেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ জানান, চলনবিলের
মৎস্য সম্পদ রক্ষায় গত ১মাসে চলনবিলের বিভিন্ন এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ
আইন ১৯৫০ এর আওতায় আরো ২৭টি মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে
প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ১২টি সুতি, ২০টি বাদাই জাল এবং ২৫টি
বাঁশের বেড়া উচ্ছেদ করে পুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। আর এই অভিযানের
ফলে একশ্রেণির লাঘব বোয়ালদের হাত থেকে মাছ রক্ষা করা সম্ভব হচ্ছে বলে জানান
তিনি।