বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:
বড়াইগ্রামের আগ্রান গ্রামে বুধবার দুপুরে চাচার মাইক্রোবাসের
ধাক্কায় নুরশাদ খাতুন নামে ১৫ মাস বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু
হয়েছে। নিহত নুরশাদ আগ্রান গ্রামের আবু তালেবের মেয়ে।
বড়াইগ্রাম থানার এসআই মাসুদ করিম জানান, বুধবার নুরশাদের চাচা
আবু সামাদ তার ভাড়ায় খাটানো মাইক্রোবাস গ্যারেজ থেকে বের
করছিলেন। এ সময় শিশু নুরশাদ প্রতিদিনের মত মাইক্রোতে চড়ার জন্য দৌড়ে
আসছিল। কিন্তু চাচা তাকে দেখতে না পেয়ে চালানো শুরু করলে
মাইক্রোবাসের সাথে ধাক্কা খেয়ে নুরশাদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার
করে দ্রুত স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়
সে মারা যায়। এ ঘটনায় নিহতের স্বজনসহ গোটা এলাকায় ব্যাপক শোকের
ছায়া নেমে এসেছে।