কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক বাড়িতে ‘চুরি করতে গিয়ে’ ধাওয়া খেয়ে রুবেল (৩০) নামের এক যুবক আটক হয়েছেন। পরে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেকালা গ্রাম থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
রুবেল দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহমেদ জানান, সোমবার রাতে তেকালা গ্রামের সদর আলী মিলিটারির বাড়িতে তিন-চারজন লোক চুরি করতে যায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাদের ধাওয়া করে। তখন চোরেরা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
ওসি আরো জানান, বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও চারটি বোমাসহ রুবেল নামের একজনকে আটক করা হয়। পরে তাঁকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেন। পুলিশ আহত অবস্থায় তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।