গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার
কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ে দপ্তরী
নিয়োগে অনিয়মের অভিযোগ উঠায় নিয়োগ প্রক্রিয়া
স্থগিত করেছে ম্যানেজিং কমিটি। মঙ্গলবার সন্ধায়
ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ে ১
জন দপ্তরী নিয়োগের জন্য গত ২৫ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি
প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে ১২ জন
প্রার্থী আবেদন করে। এদের মধ্যে থেকে ১০ জন প্রার্থী
গত ২০ অক্টোবর নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করে। ওই ১০
জন প্রার্থীর মধ্যে থেকে সভাপতি তার বংশের আজগর আলী
বিশ্বাস নামে এক প্রার্থীকে নিয়োগ দেবার জন্য ৩ লক্ষ
টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি
জানাজানি হয়ে গেলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর পর
তড়িঘড়ি করে মঙ্গলবার সন্ধায় ম্যানেজিং কমিটি সভা
ডেকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়।
এ ব্যাপারে আজগর আলী বিশ্বাসের সাথে কথা হলে তিনি
বলেন, আমার সাথে সভাপতি মোস্তফা বিশ্বাসের ৩ লক্ষ
টাকায় চুক্তি হয়েছে। আমি ২ লক্ষ টাকা অগ্রিম
দিয়েছি।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা
বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আজগর
আলী বিশ্বাসের সঙ্গে আমার কোন প্রকার আর্থিক
লেনদেন হয়নি। একটি বিশেষ কারণে নিয়োগ পরীক্ষা
স্থগিত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে আমরা নিয়োগ
প্রক্রিয়া সম্পন্ন করবো।