মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ কমিউনিটি ক্লিনিক মানুষের স্বাস্থ্যসেবায় ব্যাপক সহযোগিতা করছে। মা ও শিশুর পাশাপাশি সাধারণ গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় এক নীরব বিপ্লব ঘটিয়েছে কমিউিনিটি ক্লিনিক। বিনামূল্যে স্বাস্থ্য সেবা মানুষের কাছে দ্রুত পৌছে দিতে সরকার দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকের প্রতি সু দৃষ্টি রাখছেন।
বৃহষ্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১ টার সময় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকে আকষ্মিক পরিদর্শনে আসেন জেলা সিভিল সার্জন ডা: মতিউর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.শফিকুল ইসলাম। এ সময় সিভিল সার্জন ডা: মতিউর রহমান বলেন, বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যাপক কাজ করছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রধান ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর অন্যতম এই উদ্যোগ এখানে ব্যাপক সফলতা অর্জন করছে। ক্লিনিকগুলোতে আন্তরিক পরিবেশে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। সম্পূর্ণ সরকারিভাবে স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করছে বলে জানান তিনি। চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোঃ শফিকুল ইসলাম জানান, সদর উপজেলায় ৪৩ টি সিসি’র মধ্যে দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের যথেষ্ট সুনাম রয়েছে। এবং সেই সাথে সাথে সিভিল সার্জন ডা: মতিউর রহমান ইউনিয়নের চেয়ারম্যান জনাব স্বপন মাহমুদের প্রসংশা করে বলেন, আমি শুনেছি চেয়ারম্যান সাহেব খুব উদার মনের মানুষ। ইউনিয়নের স্বাস্থ্য সেবার প্রতি আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এবছর সদর উপজেলায় জন স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। এসময় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) তাহমিনা আক্তার ও পরিচালনা কমিটির পর্যবেক্ষক সদস্য মোঃ মাসুদ হোসেন ক্লিনিকের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা দু’জনেই ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ এর নিকট সমস্যা গুলোর সমাধান করার জন্য বিনীত অনুরোধ জানান। সবশেষে সিসি’র আশে পাশে বিভিন্ন স্থান গুলো পরিদর্শন করে কিছু পরামর্শমূলক বার্তা দেন চাঁদপুর জেলা সিভিল সার্জন।
উল্লেখ্য, এছাড়াও সিভিল সার্জন এদিন উপজেলার বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোতেও পরিদর্শন করেন।