সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রী পেটানোর ঘটনায় আটক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ওই ঘটনায় কলেজের উপাধাক্ষ্য মো. গোলাম মোস্তফা বাদী হয়ে বুধবার মামলা করলে পুলিশ তাকে আদালতে পাঠায়। পরে আদালত সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলার অপর অভিযুক্ত সাদ্দামের সহযোগী আমলাপাড়া মহল্লার সজলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার যৌন হয়রানির প্রতিবাদ করায় সিরাজগঞ্জ সরকারি কলেজের এক নারী শিক্ষার্থীকে মারধর করে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় বিএনসিসি ক্যাম্পের সামনে প্যারেড করছিল ওই শিক্ষার্থী।
এদিকে সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন, কলেজে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নেই। তবে এ দাবির পরিপ্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম মনোয়ার হোসেন জানান, কলেজে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
সদর থানার উপপরিদর্শক আলী জাহান বলেন, অভিযুক্ত সাদ্দামকে আটক করে মামলার আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাস লিমন বুধবার দুপুরে বলেন, মঙ্গলবার বিকেলে ঘটনাটি জানার পর আমি তাৎক্ষনিক কেন্দ্রীয় নেতাদের জানালে তারা রাতেই সাদ্দামকে সংগঠন থেকে বহিষ্কার করেন।