জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনার দুই দিন পর একটি হত্যা মামলা দায়ের হলো। নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে। তার সঙ্গে এই মামলায় আরও ২১ জনকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকেও এই হত্যা মামলায় আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, বেলা পৌনে ১টার দিকে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করা হয়েছে। সেই সঙ্গে আরও ২১ জনের নামোল্লেখ এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এর আগে, আজ সকাল ৭টার দিকে পঞ্চগড়ের সীমান্তবর্তী দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করে র্যাব।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাথাটিয়া এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার তার মৃত্যু হয়।
নিহত সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।







