অনলাইন ডেস্ক: যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অডিট বিভাগের কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার ভোরে যশোর শহরের রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত চন্দন ঘোষ শহরের টিবি ক্লিনিক এলাকার ভবতোষ ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে বাসযোগে ঢাকা থেকে যশোরে আসেন চন্দন ঘোষ। এরপর রিকশায় করে তিনি বাড়ি ফিরছিলেন। রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছালে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, ঢাকা থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে চন্দন ঘোষ ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।