ফেনীতে এলপিজি গ্যাসবাহী ট্যাংকার উল্টে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএম কম্পানির এলপিজি গ্যাসবাহী একটি ট্যাংকার ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে ফেনীর সিলোনিয়ায় ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ভেঙে সড়কে ঢাকার দিকে চলমান একটি মিনি পিকআপ ও লেগুনার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো একজন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।