মাসুদ হোসেন, চাঁদপুর:- চাঁদপুর শহরের ব্যস্ততম ও প্রসিদ্ধ পাল
বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পাল
বাজারের ছোট-বড় প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠানসহ
মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১২ মার্চ) ভোড়
সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৫
কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের বকুলতলা
রোডে বাসু ছৈয়ালের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুনের
লেলিহান শিখা আরো কয়েক দোকানে ছড়িয়ে পড়ে। খবর
পেয়ে দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থলে ছুটে এসে প্রায়
দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে
পুড়ে যাওয়া অধিকাংশ দোকানই ছিলো পাইকারী চাল-ডালের
আড়ৎ, ডিমের আড়ৎ, মুদি ও কনফেকশনারী।
পাল বাজারের ব্যবসায়ী মুকবুল হোসেন জানান, বাজারের
বকুলতলা রোডে বাসুর দোকানে আগুনের সূত্রপাত হলে
মূহুর্তেই অন্য দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। টের পেয়ে
স্থানীয় লোকজন চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে
পারেনি। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে
এসে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে
আনতে সক্ষম হয়। এরই মধ্যে ৩০টি দোকান আগুনে পুড়ে
গেছে।
চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র
ষ্টেশন অফিসার ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে ১০
মিনিটের মধ্যেই ঘটনাস্থলের কাছাকাছি আমরা পৌছে
যাই। কিন্তু পাল বাজারের মধ্যে প্রবেশের পথ ছোট হওয়ায়
কিছুটা বিলম্ব হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে শহরের
পুরানবাজার ষ্টেশনসহ ৪টি ইউনিট আড়াই ঘন্টা কাজ
করেছেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে
নির্ধারন করা হবে।