হেলাল শেখঃ ঢাকার ধামরাই থেকে সোহরাওয়ার্দীর জনসভায় অংশ নিতে গিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। জানা গেছে বাসের জানালা দিয়ে মাথা বের করলে দুর্ঘটনার শিকার হয় সে। তার মাথা রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। মৃত ওই ছাত্রের নাম শাকিল। সে সুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে শাকিলসহ অন্যরা বাসে করে রওয়ানা হয়। বাসটি ধামরাইয়ের দেপাশাই গ্রামে এলে শাকিল চলন্ত বাসের ভিতর থেকে মাথা বের করে। তার মাথা একটি গাছের সাথে লেগে ফেটে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শাকিলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।