অনলাইন ডেস্কঃ-
খাগড়াছড়ি শহরে পানখাইয়া পাড়ার সুইসগেইট এলাকায় ইউপিডিএফ’র জেলা সংগঠক মিঠুন চাকমাকে (৩২) গুলি করে হত্যা করা হয়েছে।বুধবার বেলা ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয়রা মিঠুনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালে চিকিৎসক ধনিষ্টা চাকমা জানান, মিঠুন চাকমাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, সকালে একটি মামলার হাজিরা দিতে আদালতে যান মিঠুন চাকমা।
আদালত থেকে ফিরে শহরের গোলাবাড়ি এলাকার বাসার গেইটের সামনে তার ছোট ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল মিঠুন। এসময় দুটি মোটর সাইকেলে আসা অস্ত্রধারীরা জোরপূর্বক মিঠুন চাকমাকে তুলে নিয়ে যান।ভাইকে বাঁচানোর জন্য অস্ত্রধারীদের পেছনে ছুটতে থাকে তার ছোট ভাই। পরে কিছু দূরে নিয়ে গিয়ে অস্ত্রধারীরা মিঠুন চাকমাকে গুলি করে পালিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা করা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। নিহতের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।