মাসুদ হোসেন, চাঁদপুর : চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকায় সেবা আয়েশা গার্ডেন নামে একটি বহুতল ভবনের নৈশ প্রহরীকে গলা কেটে হত্যা করে চারটি মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ অক্টোবর) ভোর রাতে।
জানা যায়, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার ৯নং ওয়ার্ডের নুরু প্রধানীয়ার পুত্র দেলোয়ার হোসেন গত ১ বছর পূর্বে এ ভবনের পাহারাদার হিসেবে কাজ শুরু করেন। ভবনের ৮ম তলার ফ্লাটের মালিক সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় সোমবার খুব ভোরে তিনি হাটতে বের হন। এসময় দারোয়ান দেলোয়ার হোসেনের রুম খোলা দেখে এগিয়ে গিয়ে তার গলাকাটা লাশ দেখে আঁতকে উঠেন। সাথে সাথে বিষয়টি তিনি ভবনের দায়িত্বরত কর্মকর্তাকে জানান। সেবা হোল্ডিংয়ের প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান নান্টু বলেন, সকালে আয়শা গার্ডেনের একজন বাসিন্দা বাসা থেকে বের হতে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। তিনি নৈশ প্রহরীর রুমে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেন। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ৯ তলা ভবনে কোন সিসি টিভি ক্যামেরা নেই। মূল ফটকের পাশ উন্মুক্ত। দুর্বৃত্তরা হয়তো ওই স্থান দিয়ে ভবনের ভিতরে প্রবেশ করেছে।
ঘটনাটির খবর পেয়ে চাঁদপুর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে আসে। এর পর চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, সিনিয়র এএসপি (সদর সার্কেল) মো. আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সকাল ১০টায় ঘটনাস্থল থেকে হত্যাকান্ডের আলামত সংগ্রহ করে এবং লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে গেছে। চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালী উল্লাহ জানান, নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা ৪টি মোটরসাইকেল নিয়ে গেছে। এছাড়াও লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএস জানান, বিষয়টি তদন্ত ছাড়া আপতত কোন কিছুই বলা যাচ্ছে না। আমাদের গোয়েন্দা পুলিশসহ অনেকেই কাজ করছেন। ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে শতশত উৎসুকজনতা বাড়িটির সামনে ভিড় জমায়।