জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাও)থেকে : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক
ব্যবসায়ীকে তুলে নিয়ে মারপিট করে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া সহ
সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সভাপতির
বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় এ
ঘটনা ঘটে। মারপিটে আহত ঐ ব্যবসায়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে
চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শনিবার বিকালে যুবদলের সভাপতি সহ ৪
জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, শহরের শহীদ গোলাম মোস্তফা সড়কের মাছের ফিড
ব্যবসায়ী মেসার্স আমিরুল ট্রেডার্স এর মালিক আমিরুল ইসলাম(৪০)
গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে তার দোকান বন্ধ করে বাড়ি যেতে উদ্দত হয়।
এসময় উপজেলা যুবদল সভাপতি নাজমুল হুদা মিঠু সহ ৪ জন দোকানের
সামনে আসে এবং আলাপ আছে বলে ঐ ব্যসায়ীকে টেনে হিচড়ে মিঠুর
বাড়ির পাশ্বে একটি গলিতে নিয়ে যায়। সেখানে সকলে মিলে ব্যবসায়ীকে
কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে অন্ডকোষ চিপে ধরে। এ সময় আমিরুল
চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরা হয় এবং গলায় চাকু ঠেকিয়ে
হত্যার ভয় দেখিয়ে ৩শ’ টাকা মূল্যের সাদা নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে জোর
পূর্বক স্বাক্ষর নেন। পরে ফিড ব্যবসায়ীর সাথে থাকা দোকানে সারাদিনের
বিক্রির ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে তারা। এ অবস্থায় ঐ
ব্যবসায়ী চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি হলে সেখানে ভিড়
জমায় বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের নেতারা। তারা গভীর রাত পর্যন্ত
বিষয়টি মিমাংসা করার চেষ্টা চালানো হয়। ফিড ব্যবসায়ী আমিরুলের
অভিযোগ, ফিড ব্যবসার পাশাপাশি তিনি ও যুবদলের সভাপতি মিঠু এবং
ইউনুস আলী উপজেলার সুকান পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন। এতে
লিজের এবং মাছের খাবার বাবত তার ৩০ লাখ ইনভেষ্ট হয়। এদিকে মাছের খাবার
বাবদ মিঠুর কাছে তার আরো ১১ লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা নিয়ে
মিঠুর সাথে তার মনোমালিন্য সৃষ্টি হয়।ঐ পাওনা টাকা এবং লিজকৃত
পুকুরের ইনভেষ্টের টাকা মেরে দিতে মারপিট করে তার কাছ থেকে সাদা
ষ্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠুর কাছে শনিবার দুপুরে
মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, ঐ ধরণের কোন ঘটনাই ঘটেনি।
তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন, ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে কেউ
এজাহার দিয়ে থাকলে অফিসে গিয়ে দেখবেন বলে জানান তিনি।