মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বেহাল দশা গত কয়েক ধরে চলছে। শোল্ডারের মাটি ক্ষয়ে যাওয়ায় এই রাস্তায় তৈরি হয়েছে মৃত্যুফাঁদ। বিশেষ করে গত কয়েক মাসে উক্ত সড়কে যে ক’টি দুর্ঘটনা ঘটেছে তার অধিকাংশ ঘটেছে শোল্ডারে মাটি না থাকার কারণে। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চাঁদপুরের হাজীগঞ্জ পর্যন্ত প্রায় শতাধিক জায়গায় রাস্তার অবস্থা একেবারেই খারাপ। কিন্তু দীর্ঘদিন এ রাস্তায় কোনও ধরনের সংস্কার কাজ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহনগুলো।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য প্রায় ৬৮ কিলোমিটার। এই ৬৮ কিলোমিটারের মধ্যে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকা থেকে শুরু করে ফিশারী গেট পর্যন্ত, হাজীগঞ্জ পশ্চিম বাজার এলাকার বেশ কিছু অংশ, হাজীগঞ্জ পৌর এলাকার শেষ প্রান্ত এনায়েতপুরের অধুনালুপ্ত সিটিসেল টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে একেবারে কুমিল্লা বর্ডার পর্যন্ত সড়কের বেহাল দশা চলছে।এতে প্রায় সময় ভারী যানবাহন দেবে ও বিকল হয়ে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। ছোট যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রতিনিয়তই ঐসব দুর্ঘটনায় মানুষ পঙ্গুত্ব বরণ করছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর আগে এই রাস্তাটি সংস্কার করা হলেও সহসাই মেরামত না করায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত জানান, যেহেতু সহসাই সড়কের কাজ শুরু হবে সেখানে আপাতত শোল্ডারে মাটি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। তবে যে যে স্থানে বড় ধরনের সমস্যা রয়েছে সেখানে আমরা মাটি দিয়ে ভরাট করে দেবো।