সেলিম হায়দার,সাতক্ষীরা: তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব কুমার ঘোষ বাবলু’র
বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমুলক সংবাদ পরিবেশ করায় সাতক্ষীরা থেকে প্রকাশিত
‘দৈনিক সাতনদী’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে দুই কোটি
টাকার মানহানি মামলা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর (রবিবার) সাতক্ষীরা যুগ্ন জেলা জজ ১নং
আদালতে মামলাটি করেন (মামলা নং-৩/২০১৭) তালা প্রেসক্লাব সভাপতি ও সাতক্ষীরা জেলা
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলার হাজরাকাটি
গ্রামের মৃতঃ বিকাশ চন্দ্র ঘোষের ছেলে প্রণব কুমার ঘোষ বাবলু।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, এক সময়ের তুখোড় ছাত্রনেতা প্রণব কুমার ঘোষ বাবলু
ছাত্রজীবনে কৃতিত্বের সাথে পড়াশুনা শেষ করে সমাজসেবা, রাজনীতি ও ব্যবসায়
মনোনিবেশ করেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাথে জড়িত ছিলেন। পরে
বাংলাদেশ ওয়াকার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন।
বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং তালা উপজেলা
আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি ২০০৩ থেকে ২০১৬ সাল
পর্যন্ত পর পর দুই মেয়াদে প্রায় ১৪ বছর খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
বর্তমানে তিনি তালা প্রেসক্লাবের সভাপতির পাশাপশি সুভাষিনী ডিগ্রী কলেজ ও মাগুরা
আইডিয়াল মহিলা ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি, তালা টেকনিক্যাল কলেজের
বিদ্যুৎসাহী সদস্য, তালা নিউজ টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক, দৈনিক আলোকিত
বাংলাদেশ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ
সম্পাদক, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য এবং সাতক্ষীরা জেলার মন্দির সমিতির
উপদেষ্টাসহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
সাথে ওৎপ্রোতভাবে জড়িত হয়ে নিঃস্বার্থভাবে সমাজ ও দেশ সেবায় কাজ করে আসছেন।
তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন দরিদ্র মানুষের সেবায় সুনামের সাথে কাজ
করে এসেছেন। তিনি একজন শিক্ষানুরাগী, বিদ্যুৎসাহী এবং সফল মৎস্য ব্যবসায়ী। ২০১৬
সালে তিনি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যবসায়ী মনোনিত হয়েছিলেন। সুনামের সাথে
তিনি তাঁর ব্যক্তিগত এবং সাংসারিক জীবন পরিচালনা করে আসছেন। তাঁর স্ত্রীও একটি
বে-সরকারী কলেজের প্রভাষিকা। প্রণব কুমার ঘোষ বাবলু’র খ্যাতি এবং সুনাম ধুলিসাৎ
করতে একশ্রেণীর স্বার্থান্বেষী সুবিধাভোগি ব্যক্তি উঠেপড়ে লেগেছে। তারই
ধারাবাহিকতায় গত ০৬/০৯/২০১৭ইং তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক
সাতনদী’ পত্রিকার প্রথম ও দ্বিতীয় পাতায় “তালার মুল সমস্যা ফরিদ হোসেন,দরকার
রাজনৈতিক সমঝোতা” শিরোনামের সংবাদে বাদী প্রণব কুমার ঘোষ বাবলুকে চরমপন্থী
নেতা মৃণালের ক্যাশিয়ার হিসাবে আখ্যায়িত করে তাকে সমাজ বিরোধী ও রাষ্ট্র বিরোধী
কার্যকলাপে সংযুক্ত থাকার ইঙ্গিত প্রদান করেছে। যা সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়
প্রতিপন্ন করে অর্জিত সম্মানহানি করা হয়েছে।
প্রকাশ থাকে যে, মৃণাল ছিলেন খুলনা জেলার ডুমুরিয়া-ফুলতলা এলাকার নিষিদ্ধ ঘোষিত
একজন চরমপন্থী নেতা। ১/১১-তে (ওয়ান ইলেভেন) তিনি ভারতে খুন হন। অথচ পত্রিকায়
প্রকাশিত উক্ত সংবাদে বাদীর দীর্ঘদিনের সততা, নিষ্ঠা ও ন্যায় পরায়নতার মাধ্যমে অর্জিত
সম্মানহানি করে সম্পূর্ণ ষড়যন্ত্রমুলক ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদটি পরিবেশ করে
বাদীকে মানহানি করে তাঁর ক্ষতিসাধন করা হয়েছে।
এদিকে তালার উন্নয়ন বাধাগ্রস্ত ও প্রণব কুমার ঘোষ বাবলুর নামে মিথ্যা সংবাদ প্রকাশ
হওয়ায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবের আয়োজনে তালা ডাকবাংলোর
সামনে এক মানববন্ধন অনুষ্টিত হয়। দু’ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনে তালার সুশীল সমাজের শত
শত মানুষ অংশগ্রহণ করে। এ সময় মিথ্যাচারের অভিযোগে দৈনিক সাতনদী পত্রিকা বর্জন ও
পত্রিকাটি বন্ধের আহব্বান জানানো হয়।
এছাড়া গত ১০/০৯/২০১৭ ইং তারিখে বিবাদীর (সম্পাদক ও প্রকাশক-সাতনদী) প্রত্রিকায়
প্রকাশিত রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদ দিতে গেলে তিনি তা ছাপাতে অস্বীকার করেন
এবং প্রকাশিত রিপোর্ট সঠিক বলে দাবী করেন। এ ঘটনায় প্রণব কুমার ঘোষ বাবলু
‘দৈনিক সাতনদী’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে ক্ষতিপূরণ বাবদ
দুই কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন।