শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী পারভীনকে (৩৮) লাঠি দিয়ে
বেদম মারপিট করেছে পাষন্ড স্বামী। শনিবার(২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার
দিকে কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্বক
অসুস্থ পারভীন কে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, প্রায় ২০ বছর পূর্বে কালিয়া উপজেলার
হাছলা গ্রামের সাইফুল মোল্যার সাথে লোহাগড়ার এড়েন্দা গ্রামের মৃত
তবিবর রহমান মোল্যার মেয়ে পারভীনের বিয়ে হয়। তাদের সংসারে ৩ ছেলে ও ১
মেয়ের জন্ম হয়। পারভীনের ভাই ইমামুল হক মিন্টু জানান, বিয়ের সময় বোন
জামাইকে নগদ ৫০ হাজার টাকা ও বোনকে ৬ ভরি স্বর্ণালংকার দিয়েছিলাম।
বিয়ের কয়েক মাসের মাথায় সাইফুল আরো টাকার দাবিতে পারভীনকে
নির্যাতন শুরু করে। কয়েক দফায় সাইফুলকে প্রায় ৭ লাখ টাকা দেয়া
হয়েছে। সর্বশেষ গেলো ঈদুল আযহার আগে ৫০ হাজার টাকা যৌতুকের
দাবিতে শ্বশুর বাড়িতে মারপিটের শিকার হয় পারভীন। নির্যাতন সহ্য করতে না
পেরে পারভীন বাবার বাড়ি লোহাগড়ার এড়েন্দা গ্রামে আশ্রয় নেয়। কিন্তু
পাষন্ড স্বামী সাইফুল গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ২০/২৫ জন লোক
নিয়ে শ্বশুর বাড়িতে উপস্থিত হয়ে পুনরায় যৌতুক দাবি করে। যৌতুক
দিতে রাজি না হওয়ায় তারা পারভীনকে বেদম মারপিট করে। এসময় সাইফুলও
পড়ে গিয়ে কিছুটা আঘাত প্রাপ্ত হন। আহত পারভীনকে লোহাগড়া
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত সাইফুল মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া
যায়নি। এ ব্যাপারে নির্যাতিত পারভীনের প্রতিবেশি ও কাশিপুর
ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর মোঃ রবিউল ইসলাম জানান, পারভীনকে তার
স্বামী বারবার যৌতুকের জন্য নির্যাতন করতো। গত শনিবার রাতে বাড়িতে
কেউ না থাকার সুযোগে পারভীনের স্বামী সাইফুল লোকজন নিয়ে এসে
পারভীনকে জোর করে ধরে নিয়ে যাবার চেষ্টা করে। এসময় পারভীনকে লাঠি
দিয়ে বেদম মারপিট করা হয়।
এ ব্যাপারে লোহাগড়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী
পারভীনের পরিবার। ঘটনাস্থল পরিদর্শনকারী এএসআই রাসেল জানান, এ বিষয়ে
খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।