মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলার হাজীগন্জ উপজেলায় গতকাল রোববার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর হাতে ঐ গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের হাজীগন্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কীর্ত্তণখোলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে হযরত আলী (২৬) ও তাঁর স্ত্রী মিতু আক্তার (২১) এর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। মাঝেমধ্যে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। রবিবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে গৃহবধু মিতু আক্তার কে মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়েছে নিষ্ঠুর স্বামী হযরত আলী- এমন অভিযোগ করেছেন নিহত মিতুর মা রাবেয়া বেগম। তিনি আরো বলেন, তার জামাতা (মেয়ের জামাই) প্রচন্ড নারী লোভী ছিলেন। ‘ঘটনার পর থেকে নিহতের স্বামী হযরত আলী পলাতক রয়েছে। খবর পেয়ে রবিবার রাতেই হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল মান্নান ও উপ-পরিদর্শক জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে গলা কাটা মিতুর মৃতদেহ উদ্ধার করেছে। আজ সোমবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মিতুর মৃতদেহ হস্তান্তর করবে পুলিশ। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় নিহত মিতুর মা রাবেয়া বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করবেন বলে নিশ্চিত করেছেন ।