এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা
হাতিয়ার বঙ্গোপসাগর ও মেঘনানদীর উপকূলীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী জলদস্যু
কালাম বাহিনীর তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব-১১ এর
সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মেজর আশিক বিল্লাহ
সহ একটি অভিযানিক দল সোমবার গভীর রাতে হাতিয়ার উপকূলীয় এলাকায় এ
অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে নোয়াখালী সার্কিট হাউজে
র্যাব-১১ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সংবাদ সম্মেলনে
বক্তব্য দেন, র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর আশিক বিল্লাহ। তিনি জানান,
আটককৃত তিন জলদস্যু হলো মো. রাসেল উদ্দিন, বাহার উদ্দিন ও আবুল হোসেন।
রাসেল বর্তমানে সাগর ও নদীতে দস্যু বাহিনীর কমান্ডার হিসেবে কাজ করছিলো।
তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি এবং ৫টি রকেট ফ্লেয়ার উদ্ধার
করা হয়েছে। কালাম বাহিনীর এ তিন সদস্যের বিরুদ্ধে নোয়াখালীর উপকূলীয়
জেলেদের অপহরণ, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষনসহ বিভিন্ন থানায়
ডজন খানিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এডিশনাল
এসপি কোম্পানী কমান্ডার সিপিসি-৩ নরেশ চাকমা, সিনিয়র এএসপি মো.
জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।