অনলাইন ডেস্কঃ
কুষ্টিয়ার ভেড়ামারার জঙ্গি আস্তানায় অভিযান ‘টেপিড পাঞ্চ’ সমাপ্ত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এই অভিযান শেষ করা হয়।
পুলিশ সুপার মেহেদী হাসান জানান, ওই আস্তানার একটি রুম থেকে বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো নিষ্ক্রিয় করেছে।
এর আগে, টেপিড পাঞ্চ নামে এ অভিযানের শুরুতেই বাড়ির বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়। এরপর বেশ কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে দ্বিতীয় দফার অভিযানের আগেই ওই বাড়ির ৫শ’ গজ এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আশপাশ এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেয়া হয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়ি শুক্রবার রাত থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।পরে ওই বাড়ি থেকে তিন নারীকে আটক করা হয়েছে।
পুলিশের দাবী, আটককৃত নারী জঙ্গি তিথি নব্য জেএমবির নেতা আইয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী আর সুমাইয়া নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড রাশেদের স্ত্রী।অন্য নারীর নাম টলি খাতুন, তার স্বামীর নাম আরমান।
বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। আটক দু’জনের সঙ্গে দু’টি শিশুও রয়েছে। এরা হচ্ছে নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু ও তিথির ৫ মাস বয়সী মেয়ে আফিয়া হাসান এবং আরমান আলী ও টলি আরার মেয়ে নোভা আক্তার (সাড়ে ৬ বছর)।বর্তমানে শিশু দু’টি তাদের মায়েদের সঙ্গে ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে রয়েছে।বাড়ির মালিকের নাম নাসিমা খাতুন জানান, টলি খাতুন পেশায় দর্জি, গেলো দুই মাস আগে সে এই বাড়িটি ভাড়া নিয়েছিল।