গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার
সাতপাড় হাই স্কুলের ৭ম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং
এ বাধা দিতে গিয়ে সুমন (২০) নামের এক যুবক গুরুতর
আহত হয়েছে। এ ঘটনায় ইভটিজিংকারী তিন কিশোরকে
ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। আটকেরা হলো, সদর
উপজেলার বনগ্রামের মোস্তফা শিকদারের ছেলে রুবেল
শিকদার (১৪), একই গ্রামের সাহিন সরদারের ছেলে সাকিব
সরদার (১৪) ও খাটিয়াগড় গ্রামের ফেলান শেখের ছেলে
শরিফুল শেখ (১৬)। রোববার সন্ধার দিকে সদর উপজেলার
বৌলতলী বাজারে এ ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এস আই মো:
ফরিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,
ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রী বৌলতলী বাজারে
কেনাকাটা করতে এসেছিল। এ সময় বখাটেরা ওই ছাত্রীকে
বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে। এ সময় সুমন বখাটেদের
বাধা দিলে বখাটেরা ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে
আহত করে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই তিন বখাটেকে
গ্রেফতার করা হয়েছে। এঘটনায় ওই ছাত্রী গোপালগঞ্জ সদর
থানায় ইভটিজিংয়ের মামলা দায়ের করেছে।