এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল
পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ীর ইতালী প্রবাসী শাহাদাত
হোসেনের একমাত্র ছেলে রাহিম হোসেন মল্লিককে (১১) সৎ মা শ্বাসরোধ
করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে রাহিমের মৃতদেহ
উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় পুলিশ সৎ মা প্রিয়াকে আটক
করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানায়, শাহাদত হোসেন গত ৫ মাস
পূর্বে পৌরসভার সুন্দরপুর গ্রামের আফছার উদ্দিন পাটওয়ারী বাড়ীতে
রাবিনা আক্তার প্রিয়াকে দ্বিতীয় বিয়ে করে। রাহিম হোসেনের দাদা হাজী
শহীদ উল্যা জানান, সৎ মা রাবিনা আক্তার প্রিয়া রাহিমকে মোবাইলে ফোন
করে তার বাড়ীতে নিয়ে যায়। দুপুর ১২ টার দিকে প্রিয়া মোবাইলে তাকে
জানান, রাহিম মারা গেছে। খবর পেয়ে দ্রুত তিনি তাদের বাড়ীতে গিয়ে
দেখেন খাটের ওপর রাহিমের নিথর দেহ পড়ে রয়েছে। শহীদ উল্যার অভিযোগ সৎ মা
প্রিয়া তার নাতী রাহিমকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। অভিযুক্ত প্রিয়া
জানান, রাতে খাবার খেয়ে একই কক্ষে ও একই বেডে রাহিম ও সে ঘুমায়।
সকালে রাহিমকে ঘুমে রেখে প্রিয়া উঠে যায়। পরে সকাল ১০ টার দিকে
রাহিমকে ওই বেডে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বলে প্রিয়া জানান।
পুলিশ জানান, মৃতদেহের গলায় কালো দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে
শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ রাহিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য
মর্গে প্রেরণ করেছে। রাহিম চাটখিল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র ছিল। তার শিক্ষক শাহিনুর জানায়, রাহিম মেধাবীও
শান্ত ছাত্র ছিল। তার মৃত্যুর খবরে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত
করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের সৎমাকে আটক
করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।