শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার
রহমান, সচিব নূরুল ইসলাম সহ পাঁচ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির
বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দূদক)।
লোকাল গভর্ণমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের ৫লাখ ৪৮ হাজার
৯২০ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের যশোরের সহকারী পরিচালক মোঃ শহীদুল
ইসলাম মোড়ল বাদী হয়ে গত ৩০ মে লোহাগড়া থানায় মামলাগুলি দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এলজিএসপি
প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সম্পতি তদন্ত কাজ
সম্পন্ন করেন দুদকের একটি টীম। তদন্তে দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়ায়
৫টি প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি যথাক্রমে কাশিপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, রামপুরা গ্রামের এসএম আলমগীর
কবির, ধোপাদাহ গ্রামের মোঃ পিকুল মুন্সী, মোঃ ইরাদুল শেখ ও লক্ষ্মীপাশা গ্রামের
মঞ্জুরুল করিমের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে। সব কয়টি মামলাতে কাশিপুর
ইউপি সচিব নূরুল ইসলামকে আসামী করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, কাশিপুর
ইউনিয়নে ৫টি প্রকল্প থেকে ৫লাখ ৪৮ হাজার ৯২০ টাকা আত্মসাতের অভিযোগে
দুদকের যশোরের সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম মোড়ল বাদী বাদী হয়ে
মামলাগুলি দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। #