মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময়
ডাকাতদলের ধারালো ছুরির আঘাতে আহত হয় ২ জন। আহতরা হলো
রাহেলা আক্তার ও আইরিন আক্তার। শনিবার (১ এপ্রিল) দিবাগত রাতে
উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের উত্তর আজমনগর গ্রামের মনু
ভূঁইয়া বাড়ির পাশে রাহেলা আক্তারের বসতঘরে এই ঘটনা ঘটে। এইসময়
ডাকাতদল পরিবারের সবাইকে জিম্মি করে আড়াই ভরি স্বর্ণালংকার, ২০
হাজার টাকা ও ৪ টি মোবাইল সেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে
যায়।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য দীল মোহাম্মদ জানান,
শনিবার গভীর রাতে একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে মনু ভূঁইয়া বাড়ির
পাশে রাহেলার বসতঘরে প্রবেশ করে আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ ২০
হাজার টাকা ও ৪ টি মোবাইল সেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে
যায়। এইসময় রাহেলা বাঁধা দিলে তাকে এবং তার মেয়ে আইরিনকে
ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আইরিনের হাত কেটে গেছে। সকালে
আইরিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করা
হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, উত্তর
আজমনগর গ্রামে কারো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে কিনা
জানা নেই। কেউ লিখিত অভিযোগ করেনি। তবে তিনি খোঁজখবর
নিবেন।