চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ খান বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনতাহা আক্তার (১৬) নামের স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় বাসার বারান্দায় টানানো জিআই তার থেকে কাপড় আনতে গিয়ে দূর্ঘটনার শিকার হয় সে। মুনতাহা শহরের আল-আমিন মডেল মাদরাসার শিক্ষক মাহবুবুর রহমানের মেয়ে। সে আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের
১০ম শ্রেণীর ছাত্রী।
পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরে আলম মৃত বলে ঘোষণা দেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ ওলি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মুনতাহার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।