মিটার নেই, রুট পারমিটও নেই, এমনকি বাণিজ্যিকভাবে চলার অনুমতিও নেই -এরকম শত শত অবৈধ সিএনজি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার রাজপথ। বৈধ সিএনজিগুলো মিটারে না চললে শাস্তির মুখোমুখি হলেও অবৈধ এসব সিএনজি বিভিন্ন মহলকে ম্যানেজ করে চলছে বহাল তবিয়তে।এ নিয়ে বৈধ চালকদের মধ্যে ক্ষোভ থাকলেও বিআরটিএ বলছে, আইনি জটিলতায় প্রাইভেট সিএনজিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না তারা। তবে অবৈধ যে কোনো অটোরিকশা পেলেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।গাজীপুর থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিক্সা ঢুকেছে রাজধানীতে। ঢাকা সিটিতে যার ঢুকতে পারারই কথা নয়, সেটি নির্বিঘ্নে যাত্রী পরিবহন করছে নগরীতে।
নারায়ণগঞ্জে নিবন্ধন পেয়েছে, অথচ এখন চলাচল করছে ঢাকা সিটিতে। শুধু নারায়ণগঞ্জেই নয়, গাজীপুর এমনকি সিলেট জেলার এমন অনেক সিএনজি ঢাকা সিটিতে দিব্য ভাড়া খাটছে বেআইনিভাবে।
রাজধানীর কমলাপুর, মালিবাগ, মিরপুর, শ্যামলীসহ নির্দিষ্ট কিছু এলাকায় মিটারবিহীন এসব অটোরিক্সা যাত্রীদের কাছে ভাড়া আদায় করছে খেয়ালখুশী মতো। রুট পারমিট না থাকা সত্ত্বেও কোন জাদুবলে চলছেন ঢাকার রাস্তায় এমন প্রশ্নে সটকে পড়লেন এক চালক। তবে অন্যদের কাছে পাওয়া গেলো উত্তর।
তারা জনালেন, সার্জেন্টদের সঙ্গে বোঝাপড়া করেই চালাচ্ছেন সিএনজি। আবার কেউ কেউ এমন প্রভাশালীদের ছায়ায় আছেন যে, প্রতিদিন সকালে অফিসে নামিয়ে দিয়ে আসার বিনিময়ে পুলিশে ধরলে তার নাম বলেন। এতে কাজও হয়, ছেড়ে দেয় পুলিশ।
তাদের মধ্যে এক চালক জানালেন, প্রতি মাসে ছয় হাজার টাকা দেন তিনি বিনিময়ে সারা ঢাকা সিটিতে চালান সিএনজি।
ট্রাফিক বিভাগের কর্মকর্তারা অবশ্য এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না। তবে তাদের কেউ কেউ দোষটা চাপালেন অন্যদের ঘাড়ে।
তারা জানান, এলাকার যে সকল নেতা কর্মী আছে তাদের মাধ্যমে সমঝোতা করে অবৈধভাবে এসব সিএনজি চালানো হয়।
এদিকে ঢাকার বাইরের অটোরিক্সা ছাড়াও ঢাকার রাস্তায় এখন পুরোদমে ভাড়া খাটছে প্রাইভেট সিএনজি অটোরিক্সাগুলোও।
এমন একজন চালক জানালেন, তিনি সার্জেন্টের গাড়ি চালাচ্ছে। অন্য কারো গাড়ি হলে তাকে পাতি (টাকা) দিয়ে চালাতে হতো।
অবৈধ অটোরিক্সাগুলোর এমন তেলেসমাতি কারবারে মিটারওয়ালা বৈধ অটোরিক্সাগুলোও মিটারের বদলে চুক্তিতে চলতে আগ্রহী।
তবে বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, আদালতের নিষেধাজ্ঞায় প্রাইভেট অটোরিক্সাগুলোর বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেয়া না গেলেও ঢাকার বাইরের সিএনজিগুলোকে কোন ছাড় দেয়া হচ্ছে না।
বর্তমানে ঢাকায় চলাচল করছে প্রায় ১৩ হাজার সিএনজি চালিত অটোরিক্সা। এর মধ্যে প্রাইভেট অটোরিক্সা রয়েছে প্রায় দেড় হাজার। আর ঢাকার বাইরে থেকে আসা অটোরিক্সার কোন পরিসংখ্যান নেই কারো কাছে।
সুত্রঃ সময় টি ভি-২৮/১১/১৬