শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক
এ্যাডভোকেট নজরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার
(২৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত নজরুল
ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর নড়াইল-২ আসনের
সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা শেখ হাফিজুর রহমান আহত
নজরুল ইসলামকে দেখতে হাসপাতালে আসেন।
এদিকে, এ হামলার প্রতিবাদে আজ বুধবার সকালে বিক্ষোভ মিছিল করেন দলীয়
নেতাকর্মীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
করা হয়।
দলীয় নেতাকর্মীরা জানান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে হস্ত-
বস্ত্র ও শিল্প মেলার নামে র্যাফেল ড্র এবং জুয়া বন্ধের দাবিতে জোরালো
প্রতিবাদ করে আসছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম। এ
কারণে চিহিৃত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে।
জানা যায়, মণিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসি কল্যাণ ফাউন্ডেশন এবং
গোপালগঞ্জ হ্যান্ডলোম অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ১৩ অক্টোবর থেকে
র্যাফেল ড্রর নামে জুয়া খেলার আয়োজন করা হয়। পরবর্তীতে আন্দোলনের মুখে
গত ২৩ অক্টোবর র্যাফেল ড্র বন্ধের ঘোষণা দেন নড়াইল জেলা প্রশাসক হেলাল
মাহমুদ শরীফ।