শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
শীত না এলেও শীতের সবজি আসতে শুরু করেছে নড়াইলের ৪টি
উপজেলার বিভিন্ন হাট বাজারে। তবে দাম তুলনামূলক বেশি।
বিক্রেতারা বলছেন, সবজিগুলো বাজারে নতুন ওঠানোর সময় দাম
বেশিই রাখা হয়। কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হয় বলে
বিক্রিও করতে হয় বেশি দামে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে সবজির
সরবরাহ বেড়ে গেলে দামও কমে আসবে। নড়াইলের বিভিন্ন বাজার,
ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের শীতের সবজি নিয়ে বসেছেন
বিক্রেতারা। সবজির মধ্যে শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০
থেকে ১২০ টাকায়, ফুলকপি প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকা,
বাঁধাকপি প্রতিটি ২৫ থেকে ৩০ টাকা ও বেগুন প্রতি কেজি ৪০
থেকে ৫০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি ধনেপাতা ৩০০ টাকা,
গাজর ৮০ টাকা, মুলা ৩৫ টাকা, করলা ও চিচিঙ্গা ৫০ টাকা,
বরবটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের সবজির মধ্যে টমেটো
থাকলেও এখন সারা বছরই টমেটো পাওয়া যায়। টমেটো বিক্রি
হচ্ছে ১২০ টাকা কেজি দরে। শীতের সবজির সঙ্গে বিক্রি হচ্ছে
জলপাইও। অনেকে ডাল বা টকের তরকারি হিসেবে জলপাই ব্যবহার
করেন। অনেকে জলপাইয়ের আচার বানান। জলপাই বিক্রি হচ্ছে ৪০
থেকে ৫০ টাকা কেজিতে। তবে শীতের নতুন আলু বাজারে
আসেনি এখনো। বিক্রেতারা বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই
নতুন আলুও বাজারে পাওয়া যাবে।#