আসন্ন ৯ নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড় ও উৎসাহ-উদ্দীপনা। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন এলাকার সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী
দিরাই থানা ডেভেলপমেন্ট ইউকের সহ সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী,ফরহাদ আলম। তিনি কুলঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী হাতিয়া গ্রামের বাসিন্দা।
দীঘদিন যুক্তরাজ্যে অবস্থান করলেও জন্মমাটি ও এলাকার মানুষের টানে ফরহাদ আলম নিয়মিত এলাকায় আসেন এবং নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। এবার তিনি নিজ জন্মভূমির মানুষের সেবায় সরাসরি জনপ্রতিনিধি হয়ে কাজ করতে চান। তাঁর প্রার্থিতার কথা ঘোষণার পর থেকেই হাতিয়া গ্রামসহ কুলঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে।
এলাকার সুশীল সমাজ ও সাধারণ ভোটারদের মতে, ফরহাদ আলম একজন সৎ, দক্ষ, শিক্ষিত ও জনবান্ধব ব্যক্তি। প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে তিনি কুলঞ্জ ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়নে রূপান্তর করতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী প্রতিশ্রুতি ও ভাবনার কথা জানিয়ে ফরহাদ আলম বলেন, “আমি প্রবাসে থাকলেও আমার মন পড়ে থাকে আমার জন্ম মাটি কুলঞ্জ ইউনিয়নে । কুলঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষ এখনও কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন ও মানসম্মত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এলাকাকে অবক্ষয় মুক্ত করে শিক্ষা, স্বাস্থ্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য। আমি অবহেলিত কুলঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করতে চাই।”
তিনি আরও বলেন, “আমি কোনো ব্যক্তিস্বার্থ বা পদ-পদবীর লোভে নির্বাচনে আসি নাই। হাতিয়ার সন্তান হিসেবে আমার একমাত্র উদ্দেশ্য হলো কুলঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থাকা এবং সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নমূলক কাজ করে যাওয়া। আমি সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে হাতিয়া গ্রামসহ পুরো ৯ নং কুলঞ্জ ইউনিয়নে শুরু হয়েছে গণসংযোগ ও আলোচনা। তরুণ সমাজ ও প্রবীণরা ফরহাদ আলমের সততা ও আধুনিক উন্নয়ন চিন্তার সমর্থনে ঐক্যবদ্ধ হচ্ছেন। ধারণা করা হচ্ছে, ফরহাদ আলমের অংশগ্রহণে আসন্ন নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর হয়ে উঠবে।