দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দেশে পর্যাপ্ত সার মওজুদ আছে; এতে করে কৃষকের চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না। তিনি কৃত্রিম সার সংকট তৈরি করে প্যানিক সৃষ্টিকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে লালমনিরহাট সার্কিট হাউসে সার বিক্রয় ও পর্যালোচনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
প্রসঙ্গত, সার উত্তোলন, বিতরণ ও সার বিক্রির ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তার জন্য তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির সদস্য হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী সার মওসুম ঘিরে মজুদদারি, কালোবাজারি, সরকারি কর্মকর্তার গাফলতিসহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।
সভায়, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কৃষি বিভাগের কর্মকর্তাসহ জেলার সার ব্যবসায়ী ও ডিলারগণ উপস্থিত ছিলেন।