দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো জহির হোসেন(২৮), মশিউর রহমান ইমন(২৫) ও আরিফ হোসেন(২৭)। এব্যাপারে বুধবার সকালে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতির ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের টুকু মিয়ার বাড়িতে ৭/৮ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । এ সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ওই বাড়িতে হানা দিলে ডাকাতদল পালিয়ে যাবার বৃথা চেষ্টা চালায়। এ সময় ডাকাতদলের তিন সদস্যসহ বিশালাকার ষ্টিলের রামদা, লোহার শাবল , টর্চলাইটসহ তিন ডাকাতকে আটক করতে সমর্থ হয়। এব্যাপারে উপ-পরিদর্শক মমিনুল হক বাদী হয়ে বুধবার ফরিদগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম(এল এল বি) অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করে জানান, মামলা দায়েরের পর বুধবার সকালে আটকৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।