মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলায় ২০ টাকা লেনদেন কে কেন্দ্র করে ছুরিকাঘাত করে হত্যার দায়ে মোহাম্মদ উল্লা (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহম্মদ এ রায় দেন।
রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এনামুল হক চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০ টাকা লেনদেন কে কেন্দ্র করে ২০১২ সালের ৬ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে সিং আড্ডা বাজারের একটি দোকানের সামনে মোহাম্মদ উল্লা এনামুল হকের কাছে ২০টাকা দাবী করেন। এনামুল টাকা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ উল্লা তার সাথে থাকা বিদেশী ছুরি দিয়ে তার পিঠে আঘাত করে। এনামুল প্রাণে বাঁচতে দৌড়ে গিয়ে আলী আকবরের চায়ের দোকানে প্রবেশ করলে সেখানে গিয়েও মোহাম্মদ উল্লা তার পেটের মধ্যে আঘাত করেন। এতে সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। একই সময় স্থানীয়রা মোহাম্মদ উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় ওইদিন রাতেই কচুয়া থানায় এনামুল হকের পিতা ক্বারী আলী আহম্মদ বাদী হয়ে মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার তৎকালীন সময়ের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ৩০ সেপ্টেম্বর আদালতে আসামীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। সরকার পক্ষের আইনজীবী (পিপি) আমান উল্লাহ ও অ্যাডঃ মোকতার
আহমেদ অভি জানান, দীর্ঘ ৫ বছর মামলাটি চলমান অবস্থায় ১৫ জনের সাক্ষ্য গ্রহন করা হয়। এতে আসামী মোহাম্মদ উল্লার অপরাধ প্রমানিত হওয়ায় তার উপস্থিতিতে আদালত এই রায় দেন।