বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:
বড়াইগ্রামে অভিনব পন্থায় মালবাহী কাভার্ড ভ্যান থামিয়ে ডাকাতির
ঘটনা ঘটেছে। শনিবার রাত ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল- ঢাকা
মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি
কাভার্ড ভ্যানসহ তিনটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা
গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকপুর কলাবাগান এলাকায় মহাসড়কে দুর্বৃত্তরা
পেড়েক ছিটিয়ে রাখলে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাকা পাংচার
হয়ে যায়। এ সময় রাস্তার উভয়পাশে বেশ কিছু বাস-ট্রাক দাঁড়িয়ে গেলে
আগে থেকে ওৎ পেতে থাকা ১০-১২ জনের ডাকাত দল কাভার্ড ভ্যানের চালকের
কাছ থেকে নগদ ৯ হাজার টাকাসহ তিনটি বাস থেকে যাত্রীদের মালামাল,
মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
গেলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানের চাকা মেরামত করে
যানবাহনের চলাচল স্বাভাবিক করা হয়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি
শাহরিয়ার খান জানান, একটি কাভার্ড ভ্যানে ডাকাতির খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পালিয়ে যায়।