কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় শাকিল বেপারী (৩০) নামে এক যুবকের দু’হাত এবং পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেহপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহত শাকিল বেপারীকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে) প্রেরণ করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জুনায়েদ হোসেন লেলিন বাংলার প্রতিদিন কে জানান- তার হাত-পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করে ফেলেছে। সাধ্যমত চিকিৎসা দিয়ে বরিশাল রেফার করা হয়েছে।’
শাকিল বেপারী কলাপাড়া পৌরশহরের ইসলামপুর এলাকার মালেক বেপারীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সাকালে নীলগঞ্জ ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামে একটি মাছের ঘের নিজেদের দখলে আনতে গেলে প্রতিপক্ষ কাশেম শেখসহ তার লোকজন ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে শাকিল বেপারীর দু’হাত এবং দু’পায়ের রগ কেটে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক এস,আই মো.শহিদুল ইসলাম খান জানান, ঘেরটি নিয়ে দু’পক্ষের দীর্ঘ দিনের দ্বন্দ চলে আসছে। গতকাল শাকিল বেপারী কাশেম শেখের দখলকৃত ঘেরটি দখল করতে গেলে দু’গ্রুপের সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।