বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় এক নাগাড়ে ১২৬ টি কলা খেয়ে তাক লাগালেন
রিপন (৩০) নামের এক যুবক। শনিবার সকালে বিহারকোল বাজারে অসংখ্য
দর্শকের সামনে এ কলা খান। আর এতে সময় নেন প্রায় আধাঘন্টার কিছু
বেশি। বাজারে দর্শকরা তার এ কলা খাওয়ার খবরে ভীড় জমাতে থাকেন। রিপন
বিহারকোল মহল্লার রাজ্জাকের ছেলে।
রিপন জানান, সকালে তার প্রতিবেশী পাপ্পু (২০) নামের এক যুবকের সাথে
প্রতিযোগীতা হলে কলা খাওয়া শুরু করেন। এক নাগাড়ে ১২৬ টি কলা খেয়ে
নেন তিনি। তবে এর আগেও কলা খেয়েছেন। কিন্তু এতো কলা এবারই প্রথম
খেলেন। এতো কলা খেয়েও কোন অসুস্থ না হওয়ায় দর্শকরা অবাক হয়েছেন।
দর্শকদের মধ্যে মশগুল হোসেন ও সুমন রায় জানান, এক নাগাড়ে এতো কলা
খাওয়া তারা প্রথম দেখলেন। তাদের চোখের সামনেই ১২৬ টি কলা খেয়েও
সুস্থভাবে ফিরে যাওয়ায় অবাক হয়েছেন তারা।
এব্যাপারে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক
আশিকুর রহমান জানান, অস্বাভাবিক খাওয়া কখনই ঠিক না। এক নাগাড়ে
অতিরিক্ত কলা খাওয়ার ফলে তার শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে স্বাস্থ্য ঝুকিতে
পড়তে পারেন।