চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই মোটর সাইকেল আরোহী।
বুধবার দিবাগত রাতে ঢাকিরগাঁওয়ে কাজলী সিনেমা হলের সামনে মতলব-পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
মোটরসাইকেল আরোহী হৃদয় (১৫) ও হামিদ ফকির (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুই মোটরসাইকেল আরোহী শান্ত (১৬) ও রাতুল (১৭)।
নিহতরা হলেন ঢাকিরগাঁও এলাকার বাসিন্দা হামিদ ফকির (৮০) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোটরসাইকেল আরোহী হৃদয় (১৫)। আহত ঢাকিরগাঁও গ্রামের আনোয়ার হোসেন মিস্ত্রির ছেলে শান্ত এবং আবুল হোসেনের ছেলে রাতুল।
এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হৃদয়, শান্ত ও রাতুল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পথচারী হামিদ ফকিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত ১১টায় হৃদয়ের মৃত্যু হয়। আহত অপর দু’জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।