এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর
কোম্পানীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব রটিয়ে
সহিংসতার আহ্বান জানানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে
কোম্পানীগঞ্জ থানার পুলিশ। গ্রেফতারকৃত ফিরোজ আলম মিলন
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি। কোম্পানীগঞ্জ থানা
সূত্রে জানা যায়,নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনকে উস্কে দেওয়ার
জন্য ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে,৭ আগস্ট মঙ্গলবার দুপুর ১টা ৩০
মিনিটের দিকে বসুরহাট বাজারের ১টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে
গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও
তার ব্যবহৃত ফেইসবুক আইডি জব্দ করা হয়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক বলেন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান
চালিয়ে আমি তাকে গ্রেফতার করি। আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি, সে
নিজের ফেইসবুক ব্যবহার করে সহিংসতার পক্ষে গুজব রটায়। তার বিরুদ্ধে
সাইবার আইনে মামলা দায়ের করা হবে। অন্যদিকে, স্বেচ্ছাসেবকদলের
সহসভাপতি মিলন রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি করে, তার
গ্রেফতারে তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন, পৌরসভা বিএনপির
সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন ও পৌর যুবদলের সভাপতি শওকত
হোসেন সগির।