নিজস্ব প্রতিনিধি ঃ-
রাজধানীর মিরপুর ১২ নম্বরের ইলিয়াস মোল্লা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘর হারানো বস্তিবাসীকে মোল্লা মার্কেটে আশ্রয় দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা। সোমবার ভোররাতে বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে যায় আট হাজারেরও বেশি ভোট। এরপর সোমবার সকালে এ আশ্বাস দেন ইলিয়াস মোল্লা।
তিনি জানান, রাজধানীর মিরপুর-১২ নম্বরে মোল্লা মার্কেটে সাতটি ফ্লোর খালি রয়েছে। অস্থায়ীভাবে সেখানে তাদের আবাসনের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।
এর আগে সোমবার ভোর রাতে মিরপুর-১২ নম্বর সেকশনের ইলিয়াস মোল্লা বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফেলে বস্তিবাসী ঘর থেকে প্রাণভয়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও আটটি ইউনিট যোগ দেয়। ২১টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।