শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গাদের ওপর নৃশংসতায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে হবে : যুক্তরাষ্ট্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ২৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

গণতন্ত্রের পথে মিয়ানমারের যাত্রাকে সমর্থন দিলেও দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো হামলার জন্য দায়ী প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নুওয়ার্ট ওই বিবৃতিতে বলেন, ‘প্রায় অর্ধশতকের স্বৈরশাসনের বেড়াজাল ভেঙে গণতান্ত্রিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে মিয়ানমার। যুক্তরাষ্ট্র মিয়ানমারের এই রূপান্তরকে সমর্থন করে। দেশটির নির্বাচিত বেসামরিক সরকার সে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য জরুরি। এটি মিয়ানমার ও মার্কিন অংশীদারত্বের জন্যও জরুরি।’

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা, রোহিঙ্গাদের ওপর চালানো অত্যাচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে বলা হয়, ‘এখানে এটা বলাও অপরিহার্য, যেকোনো ধরনের নৃশংসতার জন্য দায়ী প্রত্যেককেই জবাবদিহি করতে হবে।’

বিবৃতিতে জানানো হয়, মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে মার্কিন বাহিনীর কার্যক্রম এরই মধ্যে কমানো হয়েছে। সেইসঙ্গে সব ধরনের সামরিক সামগ্রী বেচাকেনার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ ও জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাষ্ট্র জানায়, গত ২৫ আগস্ট থেকে জেড অ্যাক্টের আওতায় মিয়ানমারের জ্যেষ্ঠ নেতা এবং সামরিক বাহিনীর সদস্যদের ভ্রমণ ভিসা স্থগিত করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আইনের মধ্য থেকে গ্লোবাল ম্যাগনিটেসকি অ্যাক্টের আওতায় কীভাবে জবাবদিহি নিশ্চিত করা যায়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন অংশীদার ও বিভিন্ন জোটের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা যায় কি না, তা-ও দেখছে যুক্তরাষ্ট্র।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রও কাজ করছে জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাখাইন রাজ্যের সংশ্লিষ্ট এলাকায় জাতিসংঘের তদন্ত দল ও গণমাধ্যমকে প্রবেশাধিকার দিতে তারাও দাবি জানিয়ে যাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, গণতন্ত্রের পথে মিয়ানমারের যাত্রায় সব সময় সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে রাখাইন রাজ্যে চলমান সংকট নিরসনেও পাশে থাকবে দেশটি। মিয়ানমার সরকার ও সেনাবাহিনীকে শিগগিরই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। ওই রাজ্যের বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া যাঁরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তাঁদের রাখাইন রাজ্যে যথাযথ সুবিধা দিয়ে ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে অধিকার নিশ্চিত করতে হবে।

আর এসব নিশ্চিত করা হলে মিয়ানমারকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451