ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ ও আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা।
সোমবার ( ২ নভেম্বর ২০২৬) সকাল থেকে ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ও ছয়তলাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ-শ্রমিক মুখোমুখি অবস্থান এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে সকল পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে একাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছিলো। নিশ্চিন্তপুর, নরসিংহপুর, কাঠগড়া, আমতলা বাজার ও নয়াপাড়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ী শিল্পাঞ্চলেও আন্দোলন ছড়িয়ে পড়ছে।
বিক্ষোভ চলাকালে কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশ, এপিবিএন ও থানা পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গার্মেন্টসগুলো সাধারণ ছুটি ঘোষণা করেছেন মালিক পক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী জানায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।