ঢাকার ধামরাইয়ে মাদকের সচিত্র প্রতিবেদন ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক ‘বাংলার প্রতিদিন’-এর স্টাফ রিপোর্টার ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার উপজেলার কুশুরা ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে সাংবাদিক ফরহাদ হোসেনের ওপর এই অতর্কিত হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা যায়, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের পশ্চিম ভাউজা এলাকায় মাদকের রমরমা ব্যবসা ও এর সচিত্র খবরাখবর সংগ্রাহের কাজে যান সাংবাদিক ফরহাদ হোসেন। পেশাগত দায়িত্ব পালনকালে কুশুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মৃত আসমান আলীর ছেলে আজিজ (স্থানীয়ভাবে পরিচিত আজিজ) তার ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে আজিজ ও তার সহযোগীরা সাংবাদিক ফরহাদ হোসেনের ওপর সশরীরে অতর্কিত হামলা চালায় ও পেছন থেকে আঘাত করে মারাত্মকভাবে লাঞ্ছিত করে।
হামলা চালানোর সময় অভিযুক্ত আজিজ সাংবাদিক ফরহাদ হোসেনকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এছাড়া ভবিষ্যতে মাদকের বিষয়ে কোনো প্রকার সংবাদ প্রকাশ করলে তাকে দেখে নেওয়ার হুমকি এবং নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়।
এই বিষয়ে আক্রান্ত সাংবাদিক ফরহাদ হোসেন বলেন, “মাদকের বিষয়ে নিরপেক্ষ সংবাদ সংগ্রহের জন্যই আমি সেখানে যাই। কিন্তু কোনো কিছু না বলেই পেছন থেকে আমার ওপর হামলা চালানো হয়। হামলাকারী আজিজ আমাকে প্রকাশ্য প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সাংবাদিকেরা অবিলম্বে হামলাকারী কুশুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় থানা সূত্রে জানা গেছে, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।